Tuesday, September 26, 2023

লকডাউন ৭৮০৭ । আহমদ সায়েম

 লকডাউন ৭৮০৭

জীবন দেখতে হলে, অন্ধ করে তুলতে হবে নিজেকে, আর
নিজেকে দেখতে হলে; বলতে হবে আমি’ই প্রকৃতি...

মেনে নিতে পারলে দেখা যাবে পৃথিবী, আর মানিয়ে নিতে
বললে নিজের সোনালী সংসারটা-ই দেখা হবে... 

প্রভাবিত করার জন্য ফুলশয্যায় বসেছিলাম
এক রাতের পর; অথচ নাটকের পরে দেখা যায়
অভিনয়টা ছিল খা খা অন্ধকার...

না (না) না
হ্যাঁ।

লকডাউন শেষ হবার জন্য শুরু হয়নি
শেষ হবে শুরু হবার পর...

তৃতীয় বিশ্বযুদ্ধ, যার পরে আর যুদ্ধ নেই
কারণ: যুদ্ধের পরে তো যুদ্ধ হয়...

করোনা দিবস পালনের জন্য আর
নতুন কোনও বছর আসবে না
কারণ: তা শেষ হলে তো পালন করতে হবে...

নীরবতায় ভিজতে ভিজতে নানান রকমের অংক খেলা করছে ঘরে
বৃষ্টির ফোঁটাগুলো গুনতে হাতে তুলে নিতে হয় কাগজের অনুভূতি
প্রতিটা পৃষ্ঠায় শুধু বুঁদ-বুঁদ করছে
মেঘের আড়ালে থাকা স্বপ্ন
এবার হয়ত আরও কিছু স্মৃতি এসে জড়ো হবে
শব্দে-শব্দে পাঠ করব নরম ও সবুজ পৃথিবীর শোকার্ত কিছু সময়ের
— করোনাকালের কবিতা
যে কবিতায় আশ্রয় পায় লকডাউনে থাকা চারটা দেয়াল
দেয়ালে-দেয়ালে শুধু কফিনের শব্দ আঁকা, কিছু নির্জনতাও...

ঘর থেকে বের হলেই শুরু হয় আলোয় আলোয় ঢাকা
বাড়ির গল্প, গল্পে গল্পে চলে আসে করোনার দিনপঞ্জি দেখা
এবার কঠিন চরিত্রগুলো নিভে গিয়ে
জন্ম হবে ক্ষুদে পিঁপড়ের বুদ্ধিতে নক্ষত্রের গদ্য লেখা...

যার যেমন দৃষ্টি তার সকল হিসাবও সেই মাপে
দেওয়া হবে; আলো হউক বা বক্ররেখা...

আলো আর উচ্চতায় যতটা বোঝা যায়, ঝরা পাতার
ছায়াতেও সেই আয়োজন রয়েছে; যদি মেনে নেয়া যায়...

করোনা মারতে আসেনি, উচ্চতা দেখতে এসেছিলো...

এক আর দুই পাশাপাশি থাকলেও অর্থ কিন্তু ভিন্ন, আর
আকাশটা সমান মনে হলেও নানান গন্ধে ভরপুর...

দেশে-দেশে নানান ভাষা; মেঘের ভাষা প্রেমের ভাষাও
অনেক আচরণে সাজানো, কিন্তু মনের ভাষা
তা একটা তারেই আটকে আছে, যদি তারে ধরতে পার...

মানুষ দেখার জন্য লকডাউন উৎকৃষ্ট একটা পদ্ধতি
চার দেয়ালের মধ্যে বসে নীরবতার যে সাক্ষাৎকার নেয়া হয়েছে
তাতে করে আর যাই হোক বৈচিত্র্যগুলো-ই এখন সংস্কৃতি...

সৌন্দর্য দেখেছি আত্মহত্যার পর।

কাছাকাছি থেকে কতোটা দূরত্ব বাড়িয়েছি তা লকডাউন
না হলে দেখা যেত না...

করোনায় হারিয়েছি সংসার; কথা বলার সব আয়োজন
আর  পেয়েছি লকডাউন, যা দিয়ে জন্ম হবে সত্যপৃথিবী...

দূরত্ব দেখিয়ে দিয়েছে প্রেমের নির্মম পথ...

মাকড়শা তার ঝালের মধ্যে বসেই শিকার ধরে, আর
অন্যরা তার চরিত্রটাই এঁকে রাখেন; ভাবেন:একটা শিল্প হইল...

করোনা নিয়ে লিখতে বসলে নীরবতার শব্দ পাই, আর
লকডাউন নিয়ে বসলে নিজের মাঝে হারিয়ে যাই...

দূর থেকে আজানের শব্দ আসে
শব্দ আসে হত্যা ও আত্মহত্যার
করোনার শব্দ খুব সহজ, মাত্র চৌদ্দদিন...


আহমদ সায়েম

সূনৃত’ লিটল ম্যাগাজিনটা সম্পাদনা করেন ২০০০ সাল থেকে, এখন পর্যন্ত নয়টি সংখ্যা বের হয়েছে; এবং অনলাইন সাহিত্য পত্রিকা ‘রাশপ্রিন্ট’( http://raashprint.com/ ) সম্পাদনা করছেন ২০১২ সাল থেকে।  জন্ম সিলেটে ০৫ জানুয়ারি ১৯৭৮ । কবিতার বই বেরিয়েছে তিনটি, প্রথম বই ২০১৫ ফেব্রুয়ারিতে ‘অনক্ষর ইশারার ঘোর’ এই নামে । বর্তমানে প্যানসিলভেনিয়ার ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্রে বাস করছেন।


No comments:

Post a Comment